গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারের দাবি
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২২:৩৩
গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কামাল হোসেনকে প্রত্যাহারের দাবিতে ৩য় দিনের মতো আইনজীবীদের কোর্ট বর্জন অব্যাহত রয়েছে। গতকাল বুধবার আইনজীবীদের বাধার মুখে ওই বিচারক এজলাসে বসতে পারেননি। এ সময় আইনজীবীরা আদালত চত্বরে মিছিল-সমাবেশ করেন। ফলে কোর্টের কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকে।
আইনজীবীরা অভিযোগ করেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কামাল হোসেন ঘুষখোর, দুর্নীতিবাজ, স্বেচ্ছচারী ও ক্ষমতার অপব্যবহারকারী। সম্প্রতি তিনি ষড়যন্ত্র করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের আমলী আদালতের ক্ষমতা প্রত্যাহার করে তাকে অন্যত্র বদলির সুপারিশ করেন। এ ঘটনার প্রতিবাদে আইনজীবীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ৭ দিনের মধ্যে প্রত্যাহার করার দাবিতে সোমবার থেকে আদালত বর্জন করে আন্দোলন শুরু করেন।
গতকাল বিক্ষোভ মিছিল শেষে দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইদ্রিস আলী মোল্লা, এম.এম নাসির আহম্মেদ, রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কামাল হোসেনকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।