আজ সারাদেশে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২২:৩৪
আজ বৃহস্পতিবার দেশব্যাপী ওষুধ ব্যবসায়ীরা ধর্মঘট পালন করবেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বানে এ ধর্মঘট পালন। গত শনিবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পুরনো ঢাকার মিটফোর্ড ও বাবু বাজারের ৯টি ওষুধের মার্কেটে অভিযান চালায়। ৭৭টি মামলায় ১০৩ জন ব্যবসায়ীকে আটক, ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার জরিমানা, ২০ জনকে এক বছরের কারাদণ্ড প্রদান ও প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভেজাল, নকল, মেয়াদ উত্তীর্ণ, চোরাই ও নিষিদ্ধ ওষুধ জব্দ করে। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ঐ মোবাইল কোর্ট অভিযানের নামে ব্যবসায়ীদের শারীরিক নির্যাতন ও ভেজাল, নকল, মেয়াদ উত্তীর্ণ, নিম্নমান, চোরাই ও নিষিদ্ধের ওষুধের সঙ্গে ভাল ওষুধ নিয়ে যায়। এ সব ঘটনার প্রতিবাদে সমিতি সকাল থেকে রাত ১০টা পর্যন্ত একদিন সারাদেশে ওষুধের দোকান বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা দেন। ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা বলেন, মিটফোর্ড ও বাবু বাজারে ভেজাল, নকল, নিম্নমান, মেয়াদ উত্তীর্ণ, চোরাই ও নিষিদ্ধ ওষুধের দুর্গ। সেই দুর্গে ওষুধ প্রশাসন অভিযান চালাতে গিয়ে উল্টা নাজেহাল হয়েছে। জনবল নেই অধিদফতরের। এ সব কারণে সেখানে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। ঐ দিন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সফল অভিযান চালিয়ে ভেজাল, নিম্নমান, চোরাই, মেয়াদ উত্তীর্ণ, নিষিদ্ধ ও নকল ওষুধ বিক্রেতাদের ভীত নাড়িয়ে দিয়েছে। এতে রোগী ও দেশবাসী উপকৃত হয়েছে বলে কর্মকর্তারা জানান।