বদরুল বোরহান
চুরি আছে হরেক রকম,
যায় না বোঝা রকমসকম।
দিনদুপুরে পুকুর চুরি,
তারাই দেখায় সিনাজুরি।
টাকা চুরি, গয়না চুরি
উদাহরণ ভুরি ভুরি।
চোরের মায়ের বড় গলা,
জানে নানান ছলাকলা।
রাস্তা, খনি খোঁড়াখুঁড়ি,
তাতেও চুরি, বাগায় ভুঁড়ি।
কাজে ফাঁকি, সেটাও চুরি?
‘আবার জিগায়?’ গলায় ছুরি।
চোরে চোরে মাসতুতো ভাই,
এমন নজির কোত্থাও নাই।
মসজিদে হয় জুতো চুরি,
সহজলভ্য পূর্বসূরি।
সংক্ষেপে এই চুরির বয়ান,
রাত বেড়েছে, করব শয়ান।
আজিমপুর, ঢাকা।