ডাল-ভাতের শুদ্ধ জীবন

আমি মুহূর্তেই বদলে ফেলতে পারি আমাকে, অবিশ্বাস্য দ্রুততায়, আমার সঙ্গে যুক্তিহীন তর্ক কোরো না, অথবা ঝামেলা-ঝগড়াবিবাদ, যে আমার হাতে বহুবর্ণিল ফুল দেখেছো সেও বস্ফািরিত কমলা চোখে দেখতে পারো আমার হাতে দোল খাচ্ছে শানানো চাপাতি, দু’টাকার প্লাস্টিকের বলপেন জাদুর মতো হয়ে যেতে পারে ধাতব পিস্তল, যে আমি তোমার পদধূলি নিয়ে মাথায় মন্থন করি আশির্বাদ ভেবে সে আমি দুই পা ধরে সটান ভাগাড়ে উল্টে ফেলতে পারি তোমাকে, ইঁদুরের মতো লুকিয়ে থাকি বলে ভেবো না চিতার ক্ষিপ্রগতি আমার নেই অথবা মানুষখেকো বাঘের প্রীতি চুম্বনের হিংস্র দাঁত। আমি প্রতিনিয়তই বদলে ফেলতে পারি আমাকে, আমার সাথে অযথা লড়তে এসো না, অথবা বিবাদে জড়াও, বুনে দিও না প্রতিশোধের বীজ, বিনষ্ট কোরো না আমার এই সবুজ শস্যক্ষেত, জোছনারাত, ডাল-ভাতের শুদ্ধ জীবন।