কষ্টে আছি নষ্টের হাওয়ায়
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ১৯:০৮
কষ্টে আছি নষ্টের হাওয়ায়
বাঁক ফিরে যতবার এড়িয়ে যাই অসমতল ভূমি
উঁচু নিচু ঢিবিগুলো
পায়ের নিচে পড়ে চিত্কার করে ওঠে—
তবে কেন আমাদের লালন করো,
পালন করো সত্য প্রতিষ্ঠার সবক
তোমার শ্রমে-ঘামে-কামে
কোদাল চালিয়ে সমতল করোনা কেন—
এ কেমন খেলা তোমার!
আমরা সমতলে গিয়ে নির্বাণ লাভের প্রতীক্ষায়
আর কত কাল, কাল গুনব হে অধীশ্বর
দ্বিধা বিভক্তি ভুলে এবার চাষ দাও
মই-এর পরে মই দিয়ে
ঢেলে দাও দোয়াতের কালি
নিজের কলমে নাও
অন্যের কলমে দাও
প্রেমিকার কলমে ঢালো আরো একটু বেশি
চাষাবাদ সম্পন্ন হলে
মিলে যাবে কাঁধে কাঁধ
মাঠ-ঘাট অরণ্য পেরিয়ে
সমুদ্রের লোনা ঢেউ ডিঙিয়ে
চিত্কার করতে করতে পালিয়ে যাবে সব অপরাধ।