খবর :অর্থমন্ত্রী বলেছেন, দেশে একশ জনে মাত্র একজন নিয়মিত আয়কর দেয়।

একশো জনে একজন

ব্রত রায়

 

দাদু বলতেন, ‘সেরা হতে হবে

একশজনের মধ্যে

দেশ থেকে তুই যত নিয়েছিস

কিছুটা তো তার শোধ দে!’

 

সব বিভাগেই ব্যর্থ হয়েছি

অনেক করেছি চেষ্টা

মাঝে মাঝে ভাবি আমার কাছে তো

পায়নি কিছুই দেশটা!

 

বহুদিন মন খারাপ হয়েছে

এই ভাবনায়, সত্য

মন খারাপের অবসান হলো

কাগজে দেখেছি তথ্য

 

চারপাশে যত মানুষ রয়েছে

বেছে নেন যদি একশ

নিরানব্বই জন তার মাঝে

দেয় না কখনো ‘ট্যাকশো’!

 

আমি ব্রত সেই একজন দেন

আয়কর যিনি নিত্য

একশ জনের মাঝে সেরা হয়ে

পুলকিত মম চিত্ত!