যবিপ্রবি ও শাবিপ্রবিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত ডিপ্লোমা প্রকৌশলীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় এ ও সি ইউনিটে ২০১১ সালের ডিপ্লোমা পাস হাজার হাজার শিক্ষার্থীকে বঞ্চিত করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তির শর্তাবলী অনুযায়ী ২০০৭ সালের এসএসসি ও ২০১১ সালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। অথচ গত বছর ভর্তি পরীক্ষায় ২০১০ ও ২০১১ সালে পাস শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হয়। এক বছরের মাথায় হঠাত্ শর্ত পরিবর্তন করায় ডিপ্লোমা শিক্ষার্থীরা এ দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বঞ্চিত হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া ও সাদেকুর রহমান অভিযোগ করেন, এবছর যবিপ্রবি ও শাবিপ্রবিতে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির বিজ্ঞপ্তিতে ‘এ’ ও ‘সি’ ইউনিটের আবেদনের ক্ষেত্রে ২০১১ সালের ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রহিত করা হয়েছে। ফলে হাজার হাজার শিক্ষার্থী ভর্তির আবেদন করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছে। শিক্ষার্থীরা জানান, যবিপ্রবি উপাচার্যের সাথে দেখা করলে তিনি বলেন, তাদের কাছে ২০০৭ সালের ডাটাবেজ নেই। এজন্য ২০০৭ সালে এসএসসি পাস ও ২০১১ সালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করাদের ভর্তি আবেদন থেকে বাদ রাখা হয়েছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৭ সালের এসএসসি পাস শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন, তাহলে তারা কেমন করে ডাটাবেজ জোগাড় করলো? বিষয়টি বিবেচনায় নিয়ে অবিলম্বে এ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দানের আহ্বান জানিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।