কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২০:১৬
কুমিল্লায় কামাল হোসেন খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামাল হোসেন জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর গ্রামের নূরুল হক খানের পুত্র। এ হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে সোমবার রাত ১১টার দিকে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা কামাল হোসেন খানের (৩৮) ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার চিত্কারে আশপাশের লোকজন আসতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার সকালে তাকে ঢাকায় নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে কামাল হোসেন মারা যায়। কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আইয়ুব জানান, বুধবার দুপুরে কুমেক হাসপাতালের মর্গে নিহত কামাল হোসেনের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। নিহতের পিতা নূরুল হক খান বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে মামলা করেছেন।