টিভি পর্দায় বালাম ও তার মা

একজন মানুষের সাফল্যের পিছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আর মায়েদের নিয়ে আরটিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শো-ভিত্তিক অনুষ্ঠান ‘আমি আর মা’। তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী বালাম ও তার মা। সাধারণ দর্শকদের কাছে মিডিয়া জগতের মানুষেরা হচ্ছেন স্বপ্নের মতো। তারা যখন টিভি বা সিনেমাতে তাদের সেই প্রিয় মানুষটিকে দেখেন তখন স্বভাবতই তার সেই প্রিয় মানুষটির সম্পর্কে নানা তথ্য জানার ইচ্ছা পোষণ করেন। এই অনুষ্ঠানটির মাধ্যমে সেই সাধারণ মানুষটি তার স্বপ্নের সেলিব্রেটির নানা অজানা তথ্য জানতে পারবেন। বালামের মা জানাবেন ছেলের ছোট থেকে বড় হওয়ার নানা রকম মজার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার ছোটবেলার ছবি ও ভিডিও ফুটেজ। এ ছাড়া এ অনুষ্ঠানে থাকছে আরও বেশ কিছু সেগমেন্ট। আজ রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।