ফের পরমাণু চুল্লি চালু করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরির লক্ষ্যে প্লুটোনিয়াম উত্পাদনে একটি পারমাণবিক চুল্লির কার্যক্রম পুনরায় চালু করেছে। নতুন স্যাটেলাইট চিত্রে উত্তর কোরিয়ার এই প্রয়াসের চিহ্ন পাওয়া গেছে। —খবর আল জাজিরার। গত বুধবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র-কোরিয়া ইনস্টিটিউট জানায়, গত মাসের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে ইয়ংবিয়ন চুল্লির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এ ব্যাপারে অকাট্য প্রমাণ পাওয়া গেছে। সেপ্টেম্বরের ১৯ তারিখে একটি বাণিজ্যিক স্যাটেলাইট থেকে নেয়া ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, পরমাণু চুল্লি থেকে গরম বর্জ্যপানি একটি নর্দমার নলের মাধ্যমে নদীতে গিয়ে পড়ছে। ওই ইনস্টিটিউটের ব্লগ ‘৩৮ নর্থ’ এ বিশ্লেষক নিক হেনসেন লেখেন ‘বর্জ্যমিশ্রিত পানি আরো প্রমাণ দিচ্ছে যে পিয়ংইয়ং তার পাঁচ কিলোওয়াট সম্পন্ন চুল্লির কার্যক্রম পুনরায় চালু করেছে।’ তিনি আরো লেখেন, জুলাই মাসের শেষের দিকে যে স্যাটেলাইট চিত্র পাওয়া গিয়েছিল সেখানে পানি নিষ্কাশনের বিষয়টি দেখা যায়নি। এর অর্থ দাঁড়াচ্ছে চুল্লিটি অতিসম্প্রতি চালু করা হয়েছে।