এমপি ও বিধায়কদের রক্ষায় অধ্যাদেশ ফিরিয়ে নিল ভারত

তীব্র সমালোচনার পর রাহুল গান্ধীর দাবি মেনে দাগী সংসদ সদস্য ও বিধায়কদের বাঁচানোর অধ্যাদেশ প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ভারত সরকার। এ বিষয়ে জনপ্রতিনিধিত্ব আইন সংশোধনের জন্য যে বিল পার্লামেন্টে তোলা হয়েছিল, তাও প্রত্যাহার করে নেয়া হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে। -খবর বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমের বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর বৈঠকের পর কংগ্রেস কোর গ্রুপের বৈঠকে সিদ্ধান্ত হয়, কেন্দ্রীয় সরকার ওই অধ্যাদেশ প্রত্যাহার করে নেবে। এরপর মন্ত্রিসভায় সর্বসম্মতভাবে পাস হয় ওই সিদ্ধান্ত। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মনমোহনের বৈঠকের আগে দাগী সংসদ সদস্য-বিধায়কদের বাঁচানোর এ অধ্যাদেশ নিয়ে সোচ্চার হন রাহুল। তিনি বলেছিলেন, ওই অধ্যাদেশ যাচ্ছেতাই। সেটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা উচিত ? মনমোহনের যুক্তরাষ্ট্র সফরের মধ্যে রাহুলের ওই মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। ক্ষুব্ধ হন স্বয়ং প্রধানমন্ত্রীও। তবে ওইদিন মনমোহনের সঙ্গে বৈঠকে রাহুল তাকে জানান, প্রধানমন্ত্রী বা তার পদকে অসম্মান করা তার উদ্দেশ্য নয়। জনগণের ক্ষোভের কথাটিই তিনি কেবল তুলে ধরেছেন।