ঢাকা সিটি কর্পোরেশন সমীপে

আমরা মিরপুর ১০ নম্বরস্থ ‘বি’ ব্লকের লেন-১২-এর বাসিন্দা। বহু বছর যাবত্ নিদারুণ ভোগান্তিতে রয়েছি। এ লেনটি দৈর্ঘ্যে মাত্র প্রায় দু’শ’ ফিটের মত হবে। কিন্তু লেনটির উভয় পাশে রয়েছে ১৫টিরও বেশি ৮-১০তলার বহুতলবিশিষ্ট আবাসিক এপার্টমেন্ট। প্রত্যহ অগণিত মানুষ ও যানবাহন এ লেনটি দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু লেনটির এমনই বেহাল দশা যে কাউকেই হতবাক না করে পারে না। লেনটি সারাবছরই পানিতে সিক্ত থাকে এবং সম্পূর্ণটাই এবড়ো-থেবড়ো। এ লেনটির কখনই সংস্কার হয় না। তদপুরি লেনটিতে কিছু অবৈধ স্থাপনা থাকায় যাতায়াতে দারুণ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, দয়া করে সরেজমিনে তদন্ত করে লেনটিকে সংস্কার করে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিন। মনে রাখা দরকার আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স যথাযথ এবং নিয়মিত পরিশোধ করে থাকি। আমাদের পুঞ্জীভূত ক্ষোভ বাড়ছে কেননা দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। কে এ চৌধুরী, মিরপুর,ঢাকা ১২১৬