চট্টগ্রামে তিনদিনের প্রস্তুতি ম্যাচ শুরু আজ

আবহাওয়া না বিগড়ালে চট্টগ্রামের এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হতে যাওয়া তিনদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। জাতীয় দলের সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে অতিথিদের বিরুদ্ধে মাঠে নামবে বিসিবি একাদশ। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এই ম্যাচ দিয়েই দীর্ঘ আট বছর পর স্টেডিয়ামটিতে খেলতে যাচ্ছে কোন বিদেশি দল। চট্টগ্রামে ৯ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য একাদশ গড়ার ক্ষেত্রে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলে আছেন টেস্ট স্কোয়াডে ফেরা নাঈম ইসলাম। এই ম্যাচে পারফরম করতে পারলে টেস্ট একাদশে জায়গা করে নেয়া সহজ হবে তার জন্য। নাঈম নিজেও মানছেন ম্যাচের গুরুত্বের কথা, ‘অবশ্যই, চেষ্টা করবো ভাল খেলার।’ চোখ থাকবে মার্শাল আইয়ুবের দিকেও। এই ম্যাচে পারফরম্যান্সের উপরই চট্টগ্রাম টেস্টে জায়গা পাওয়া নির্ভর করছে। বুড়ো আঙ্গুলের ইনজুরি কাটিয়ে ফেরা সাকিব আল হাসানও থাকছেন। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ থেকে ফেরার পর তিন সপ্তাহের বেশি সময় সব ধরনের ক্রিকেট থেকে বাইরেই ছিলেন সাকিব। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে ফিরলেও বলার মতো কোন পারফরম্যান্স ছিল না। পুরনো রূপে ফিরতে তাই প্রস্তুতি ম্যাচে রাখা হয়েছে তাকে। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মূল একাদশের অনেককেই দেখা যাবে না। কারণ বিশ্রাম দেয়া হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্ট খেলে আসা খেলোয়াড়দের। তবে, সব আয়োজন ব্যর্থ প্রমাণিত হতে পারে বৃষ্টির বাঁধায়। গত কয়েকদিন ধরে বন্দর নগরীতে হঠাত্ হঠাত্ বৃষ্টির কারণে এম এ আজিজ স্টেডিয়ামের প্রস্তুতির কাজে অনেক সমস্যা পোহাতে হয়েছে গ্রাউন্ডসম্যানদের। বৃষ্টির পর যথেষ্ট পরিমাণ রোদ না থাকায় ভেজা মাঠ শুকানো সম্ভব হয়নি। ফলে মাঠের ঘাস দ্রুত বেড়ে যাচ্ছে আর মাটি নরম থাকায় ঘাস কাটা যাচ্ছে না। প্রস্তুতি ম্যাচের তিনদিনই বৃষ্টি থাকতে পারে বলে চট্টগ্রামের আবহাওয়া অফিস জানিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আর বৃষ্টি না হলে ম্যাচ নিয়ে কোন শঙ্কা নেই। উভয় দল এ ম্যাচটিতে অংশ নিতে গতকাল বৃহস্পতিবারই চট্টগ্রামে পৌঁছে যায়। স্বাগতিক বাংলাদেশ আসে সকালে। অপরদিকে সফরকারীরা বিকালের দিকে চট্টগ্রাম আসে। দুটি দলই এখন অবস্থান করছে হোটেল আগ্রাবাদে। কোন দলই গতকাল অনুশীলনে অংশ নেয়নি। প্রথম টেস্টের স্কোয়াডের একমাত্র আল আমিনই এখন ঢাকায় অবস্থান করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী আগামী পাঁচ অক্টোবর একটি পরীক্ষায় অংশ নিয়ে পরদিন সকালে চট্টগ্রাম চলে আসবেন। আমাদের চট্টগ্রাম অফিস জানিয়েছে, চট্টগ্রামের দর্শকদের জন্য টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে গ্যালারি ৩০ টাকা এবং প্যাভিলিয়ন ৫০০ টাকা। টিকেট পাওয়া যাবে স্টেডিয়াম সংলগ্ন কাউন্টারে। আগামী নয় অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ঈদের ছুটির পর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর। স্কোয়াড: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, সাজিদুল ইসলাম, সৌম্য সরকার, মুক্তার আলী, নূর হোসেন, ফরহাদ রেজা।