চাপে নেই নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড দলের কোচ মাইকেল হেসন জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে নামার আগে কোন মানসিক চাপেই ভুগছে না তার দল। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সফরকারী কোচ অবশ্য বলেছেন স্বাগতিক দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়েই তার মূল দুশ্চিন্তা। শেষবার ২০১০ সালের বাংলাদেশ সফরটা নিউজিল্যান্ড দলের জন্য মোটেও সুখকর ছিল না। ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবার পর এটিই তাদের প্রথম বাংলাদেশে আসা। এরপরও মানসিক চাপের ব্যাপারটা উড়িয়ে দিয়ে ব্ল্যাক ক্যাপদের কোচ মাইক হেসন বলেন, ‘না, একদমই মানসিক চাপে ভুগছি না। আমাদের টেস্ট দিয়ে শুরু করতে হবে। গতবার আমরা ওয়ানডে সিরিজে হেরেছিলাম। তাই, এখন মানসিক চাপ অনুভব করছি না।’ বাংলাদেশ দলকে অবশ্য কোনভাবেই হালকা করে দেখছেন না নিউজিল্যান্ড দলের এই কোচ, ‘আমরা জানি বাংলাদেশ ভাল দল। আর তারা দেশের মাটিতে খেলবে। তাই বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোন সুযোগই নেই।’ গত সফরে এক সাকিব আল হাসানের কাছেই হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। এবার তাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন কে?-এমন এক প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা মুশফিকুর রহিমকে নিয়ে। সে একজন কোয়ালিটি ব্যাটসম্যান। আর গত এক বছর ধরে সে দারুণ ফর্ম ধরে রেখে খেলছে। শ্রীলঙ্কায় খেলছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আর ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ওট্যাগো ভোল্টসের হয়ে খেলছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, হামিশ রাদারফোর্ড ও নেইল ওয়াগনার। সব মিলিয়ে উপমহাদেশীয় কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে খুব বেশি বেগ পেতে হবে না বলেই মনে করছেন মাইক হেসন। তিনি বলেন, ‘গত দুই মাস ধরে নিউজিল্যান্ড ‘এ’ দল শ্রীলঙ্কা আর ভারতে খেলেছে। সেখানকার কিছু খেলোয়াড় আমাদের দলে খেলবে। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে কয়েকজন খেলোয়াড় খেলছেন। আমাদের দলটা তরুণ হলেও দলের মধ্যে যথেষ্ট অভিজ্ঞ কিছু সদস্য আছেন। আর টেস্ট শুরুর আগে আমরা আরও এক সপ্তাহের মতো সময় পাচ্ছি। এর মধ্যেই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবো বলে আশা করছি।’ উপমহাদেশের কন্ডিশনে যে কোন দলের জন্যই ভয়ের কারণ হয়ে দাঁড়ান স্পিনাররা। নিউজিল্যান্ড কোচও এমনটাই মনে করছেন। স্পিনের বিপক্ষে নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেন, ‘যখনই আমরা উপমহাদেশে খেলতে আসি তখনই আমাদের স্পিন নিয়ে সমস্যা থাকে। আর এখানে তারা অনেক বেশি বল করে; অনেক উইকেটও পায়। বাংলাদেশেও ভাল কিছু বাঁহাতি স্পিনার আছে। (সোহাগ) গাজী ও অন্যরা বেশ ভাল বল করে। তাদের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে। আর আমরা দ্রুতই স্পিনের বিপক্ষে ভাল করছি।’ বাংলাদেশের জন্য সুখবর হল ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলবেন না অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। নিউজিল্যান্ড দল সিরিজে সাবেক এই অধিনায়কের অভাববোধ করবে বলেই মনে করছেন মাইক হেসন, ‘অবশ্যই আমরা তার (ড্যানিয়েল ভেট্টরি) অভাববোধ করবো। এই কন্ডিশনে তার অভিজ্ঞতা আমাদের দরকার ছিল। সে দ্রুতই সেরে উঠছে। আশা করি দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেই সেই ফিরে আসতে পারবে। তবে, দলে তরুণ কিছ প্রতিভাবান বোলার আছে যারা বাংলাদেশ দলের বিপক্ষে কার্যকর হয়ে উঠবে বলে আশা করছি।’ নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে কোচ বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। দলের সবাই এখন চট্টগ্রাম টেস্ট খেলতে মুখিয়ে আছে। জানি, ম্যাচটা মোটেও সহজ হবে না। তবে, আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করবো। আমাদের বোলারদের নতুন বলে ভাল করতে হবে। বাংলাদেশি ব্যাটসম্যানদের আটকাতে হবে। আর আমাদের ব্যাটসম্যানদের স্পিনের বিপক্ষে খেলার দক্ষতা বাড়াতে হবে। আপাতত এটাই আমাদের লক্ষ্য’।