তারকাবিহীন হয়ে পড়ল প্রিমিয়ার ক্রিকেট
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২১:৪৬
চট্টগ্রামে তিনদিনের ম্যাচ দিয়ে আজ থেকে নিউজিল্যান্ড সিরিজ আনুষ্ঠানিকভাবে শুরু হবার কারণে তারকাহীন হয়ে পড়ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এ প্রেক্ষিতে আজ অনুষ্ঠিত হবে লিগের ষষ্ঠ রাউন্ডের তিনটি ম্যাচ। যাতে মুখোমুখি হবে শেখ জামাল - কলাবাগান ক্রিকেট একাডেমী, সিসিএস - খেলাঘর ও কলাবাগান ক্রীড়াচক্র - ব্রাদার্স ইউনিয়ন। নিউজিল্যান্ড সিরিজের কারণে সবচেয়ে বড় ধাক্কা লাগতে যাচ্ছে শেখ জামালের শিবিরে। দলের মূল দুই তারকা অধিনায়ক মুশফিকুর রহিম ও আব্দুর রাজ্জাক এর মধ্যেই পৌঁছে গেছেন চট্টগ্রামে। বিকেএসপি’র তিন নম্বর মাঠে তাই দেখা যাবে খর্বশক্তির শেখ জামালকে। প্রাথমিক স্কোয়াডে থাকলেও মূল দলে জায়গা করতে না পারা জহুরুল ইসলামকে পাবে শিরোপাপ্রত্যাশী দলটি।
সেদিক থেকে দেখলে নিউজিল্যান্ড সিরিজের কারণে খুব একটা ক্ষতি হচ্ছে না প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট একাডেমীর। এক মার্শাল আইয়ুব ছাড়া নিয়মিত খেলোয়াড়দের সবাইকেই পাচ্ছে দলটি। পাঁচ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৮। অন্যদিকে কলাবাগান ক্রিকেট একাডেমীর অর্জন ৫ পয়েন্ট।
কলাবাগান ক্রীড়াচক্রও স্বস্তিতে নেই নিউজিল্যান্ড সিরিজের কারণে। সাকিব আল হাসান ও নাঈম ইসলামের মতো তারকাদের ছাড়াই আজ ব্রাদার্সের মোকাবেলা করবে দলটি। তিন ম্যাচে হারের ফলে দলটির পয়েন্ট মাত্র চার। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্সের হয়ে খেলতে পারবেন না আগের ম্যাচে রেকর্ড গড়া তামিম ইকবাল। বাদার্সের পয়েন্ট এখন আট। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা দলটি আজ জিতলেই শীর্ষে উঠে যাবে। এদিকে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে লড়বে পয়েন্ট তালিকার শেষ দুই দল, সিসিএস ও খেলাঘর।
এক নজরে
শেখ জামাল - কলাবাগান ক্রিকেট একাডেমী (বিকেএসপি-৩)
ক্রিকেট কোচিং স্কুল - খেলাঘর সমাজকল্যাণ সংস্থা (বগুড়া)
কলাবাগান ক্রীড়াচক্র - ব্রাদার্স ইউনিয়ন (ফতুল্লা)