চ্যাম্পিয়নস লীগে রেকর্ড গড়লেন গিগস

ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ডোনেটস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে এক অনন্য রেকর্ড গড়েছেন ওয়েলসের কিংবদন্তী ফুটবলার রায়ান গিগস। এই ম্যাচের মাধ্যমে তিনি চ্যাম্পিয়নস লীগে সর্বোচ্চ ১৪৫টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। ম্যান ইউ’র হয়ে দ্বিতীয়ার্ধে তিনি মারুয়েন ফেলানির বদলি হিসেবে খেলতে নামেন। আগামী নভেম্বরে ৪০ বছরে পা রাখতে যাওয়া গিগস এর মাধ্যমে স্প্যানিশ তারকা স্ট্রাইকার রাউলের রেকর্ড ভেঙ্গেছেন। দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে এবং পরবর্তীতে শালকের হয়ে খেলা রাউল এতদিন ছিলেন এই কৃতিত্বের মালিক। ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় খেলোয়াড় হিসেবে খ্যাত গিগস প্রায় ২০ বছর আগে হাঙ্গেরিয়ান দল কিসপেস্ট হোনভেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের অভিষেক ঘটেছিল।