হোয়াটমোর সম্পর্কে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আজমল

পাকিস্তান ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোর সম্পর্কে মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন দলের তারকা স্পিনার সাঈদ আজমল। হোয়াটমোর সম্পর্কে করা ঐ মন্তব্যে বিতর্ক সৃষ্টি হওয়ায় এবং দু’জনের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার আশংকায় ক্ষমা চেয়েছেন আজমল। গত মঙ্গলবার জিও সুপার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাত্কারে আজমল হোয়াটমোর এবং খেলোয়াড়দের মধ্যে ভাষা সমস্যার কথা বলেন এবং আজমল বলেন, সাবেক কোচ ওয়াকার ইউনিস দলকে বেশি ভালভাবে চালাতে পারতেন। শ্রীলংকায় জন্মগ্রহণ করে অস্ট্রেলিয়ায় বড় হওয়া হোয়াটমোর বুধবার নিজের টুইটারে দলের সিনিয়র সদস্যদের একজন আজমলের মন্তব্যে ‘অত্যন্ত হতাশ এবং মর্মাহত’ হয়েছেন বলে উল্লেখ করেন। ৫৯ বছর বয়স্ক হোয়াটমোর পরে টুইটারের মাধ্যমে জানিয়েছেন, আজমল ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি তা মেনে নিয়েছেন। বুধবার পিসিবির দেয়া বিবৃতিতে আজমল বলেন, ‘আমি তাত্ক্ষণিকভাবে হোয়াটমোরের কাছে যাই এবং ক্ষমা চাই এবং কোন অবস্থার প্রেক্ষিতে আমি ঐ নির্দিষ্ট মন্তব্য করেছি তার বিস্তারিত ব্যাখ্যা করি।’ ‘ডেভ নিরলসভাবে পাকিস্তান দলের সঙ্গে পরিশ্রম করে আসছেন এবং তার পরিশ্রমের স্বীকৃতি না দেয়াটা হবে অন্যায়। ডেভের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভাল এবং আসন্ন সিরিজেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।’ গত মাসে দুর্বল জিম্বাবুয়ের কাছে দ্বিতীয় টেস্টে পাকিস্তান দল পরাজিত হওয়ার পর এবং মাত্র দুই সপ্তাহ পর বিশ্বের সেরা টেস্ট দলকে মোকাবিলা করতে হওয়ায় দারুণ চাপে আছেন হোয়াটমোর। ভাল কোচ হিসেবে ১৯৯৬ সালে শ্রীলংকাকে বিশ্বকাপ শিরোপা পাইয়ে দেয়ার পর ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে ওঠানো হোয়াটমোর গত বছর মার্চে পাকিস্তান দলের কোচের দায়িত্ব নেন। কিন্তু তার অধীনে পাকিস্তান দল এখন পর্যন্ত কোন টেস্ট সিরিজ জয় করতে পারেনি এবং আগামী ফেব্রুয়ারিতে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করা হবে না বলে ধারণা করা হচ্ছে। এর আগে পাকিস্তানের সাবেকদের অনেকে সরাসরিই বলছেন, জাতীয় দলের জন্য বিদেশি কোচের চাইতে স্থানীয় কোচদের উপরই আস্থা রাখতে চান তারা। বাসস/ওয়েবসাইট।