সুপ্রিম কোর্টসহ বিচার অঙ্গনের ছয় দফতরে তথ্য কর্মকর্তা নিয়োগ কেন নয়: হাইকোর্ট

আইনে বাধ্যবাধকতা থাকার পরও সুপ্রিম কোর্টসহ বিচার অঙ্গনের ছয়টি দপ্তরে তথ্য কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ নিয়োগ না দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে তথ্য কর্মকর্তা এবং আপিল কর্মকর্তা নিয়োগে তথ্য কমিশনের সেক্রেটারি, প্রধান তথ্য কর্মকর্তার ব্যর্থতা ‘নিষ্ক্রিয়তা ও অপর্যাপ্ত পদক্ষেপ’ কেন অবৈধ ঘোষণা করা হবে না-রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট ও সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। ওই ছয় দপ্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগরের মুখ্য মহানগর হাকিমের আদালত ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। উপরোক্ত নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম। আবেদনকারী নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার শুনানি করেন।