তারেক-মিশুক ট্র্যাজেডি

মামলা কেন হাইকোর্টে স্থানান্তর নয়: রুল জারি, নথি তলব

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মুনীর (মিশুক) নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা কেন হাইকোর্টে স্থানান্তর করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একইসঙ্গে মামলার নথিপত্র তলব করেছে আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় তাদের বহনকারী মাইক্রো বাসটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারেক-মুনীরসহ পাঁচ জন নিহত হন। ঘটনার পরের বছর মানিকগঞ্জে মোটর যান অর্ডিনেন্সে দুইটি মামলা দায়ের করা হয়। পরে মামলা দুইটি উচ্চ আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে আবেদন দায়ের করেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, ছেলে নিশাদ মাসুদ এবং মা নূরুন নাহার। আর মিশুক মুনীরের মামলায় আবেদনকারী হলেন স্ত্রী কানিজ ফাতেমা ও সুহূদ মুনীর। সংবিধানের ১১০ ধারায় এসব আবেদন করা হয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট রমজান আলী শিকদার ও ব্যারিস্টার মোতাহার হোসেন। শুনানি শেষে হাইকোর্ট মামলার নথি তলব ও রুল জারি করে।