কাল ভারত থেকে বিদ্যুত্ আমদানির উদ্বোধন

আগামীকাল ভারত থেকে বাংলাদেশে বিদ্যুত্ আসছে। আপাতত ১৭৫ মেগাওয়াট বিদ্যুত্ আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুত্ আমদানি প্রক্রিয়া উদ্বোধন করবেন। কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত সাবষ্টেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহও এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ভারত ও বাংলাদেশের এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। পাঁচ অক্টোবর রাত ১২টায় বিদ্যুত্ সরবরাহ শুরু হবে। পরে সকালে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী বীর বিক্রম বলেন, প্রাথমিকভাবে ১৭৫ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিদ্যুতের দাম পড়বে ইউনিট প্রতি চার টাকার কিছু বেশ। বেসরকারিভাবে যে ২৫০ মেগাওয়াট আসবে তার দাম পড়বে ইউনিট প্রতি ছয় টাকার মতো। ভারতের বিদ্যুত্ সচিব পি কে সিনহা বলেন, এনটিপিসির পুরানো কেন্দ্রগুলো থেকে বাংলাদেশকে বিদ্যুত্ দেয়া হবে বলেই এই বিদ্যুতের দাম কম। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পিটিসির ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ বাংলাদেশে আসা শুরু হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এই বিদ্যুত্ আমদানির উদ্যোগ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যুগান্তরকারী পদক্ষেপ। দারিদ্র্যমুক্ত দেশ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদ্যুতের প্রয়োজন।