সংসদে কণ্ঠভোটে প্রতিবন্ধী বিল পাস
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৪১
গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিল-২০১৩’ পাস হয়েছে। বিলে প্রতিবন্ধীদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করা হলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্যরা বিলটির উপর জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব দিলেও তাদের অনুপস্থিতির কারণে তা উত্থাপন হয়নি। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়।
বিলে বলা হয়েছে, কেউ প্রতিবন্ধী ব্যক্তির আইনের আশ্রয় লাভে বাধা দিলে, প্রতিবন্ধী ব্যক্তিকে উত্তরাধিকার সূত্রে পাওনা সম্পত্তি থেকে বঞ্চিত করলে, কোন প্রতিবন্ধীর সম্পদ আত্মসাত্ করলে এবং প্রকাশনা ও গণমাধ্যমে প্রতিবন্ধী সম্পর্কে নেতিবাচক শব্দ ব্যবহার করলে তা অপরাধ হিসাবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।
বিলে কোন ব্যক্তি অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিবন্ধী হিসাবে নিবন্ধিত হলে তাকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হবে। অপরদিকে কোন ব্যক্তি যদি জালিয়াতির মাধ্যমে পরিচয়পত্র তৈরি করে তাহলে তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে। কেউ প্রতিবন্ধীকে উত্তরাধিকারসূত্রে পাওনা সম্পত্তি থেকে বঞ্চিত করলে তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করার কথা বলা হয়েছে।