কেসিসিতে আনিসুর, হাফিজুর ও রুমা খাতুন প্যানেল মেয়র নির্বাচিত

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনিসুর রহমান বিশ্বাস, প্যানেল মেয়র-১, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, প্যানেল মেয়র-২ এবং সংরক্ষিত ৯ নম্বর আসনের কাউন্সিলর রুমা খাতুন, প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নগর ভবনের সভাকক্ষে কেসিসির ২য় সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত ৪১ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ।