আজ সিলেট যাচ্ছেন খালেদা জিয়া
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৫৬
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি হিসাবে আজ শুক্রবার সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সিলেট সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে কাল শনিবার বিকালে তিনি নগরীর আলিয়া মাদ্রাসার ময়দানে ১৮ দলীয় জোট আয়োজিত জনসভায় ভাষণ দিবেন। তিনি হযরত শাহজালালের (রহ.) মাজারও জিয়ারত করবেন।
সিলেট অফিস জানায়, খালেদা জিয়ার আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতিমধ্যে সিলেট নগরী ব্যানার-পোস্টার আর তোরণে ছেয়ে গেছে। গতকাল নগর ঘুরে দেখা যায়, জিন্দাবাজার, বন্দরবাজার, সুরমাপয়েন্ট, আম্বরখানা, সুবিদবাজার, লামাবাজার, সোবহানীঘাট, উপশহর, শিবগঞ্জ, মিরাবাজার, সুবিদবাজার চৌহাট্টা, ভি আইপি সড়কের রোড ডিভাইডার ও সড়কের পাশে লাগানো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিলবোর্ড দখল করে নিয়েছে এসব ব্যানার-পোস্টার। নগরীতে বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শো-ডাউন, মিটিং অব্যাহত রয়েছে। এখন কারা কত লোক সংগ্রহ করে সভায় নিয়ে যেতে পারবেন—সেই প্রতিযোগিতা চলছে। উপজেলায় উপজেলায় এমনকি ইউনিয়ন পর্যায়েও প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে বিশেষ করে আগামী নির্বাচনে দলের মনোয়ন প্রত্যাশীদের তত্পরতা চোখে পড়ার মতো।