পুটিয়ার বিদ্যুত্ উপকেন্দ্র ৬ মাসেও চালু হয়নি

জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরে ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুত্ উপকেন্দ্রের নির্মাণ কাজ ৬ মাস আগে শেষ হয়েছে। কিন্তু লোড বরাদ্দ না দেয়ায় এ উপকেন্দ্রটি চালু হয়নি। আগামী ৭ অক্টোবর এ নতুন উপকেন্দ্রটি চালুর সম্ভাব্য তারিখ থাকলেও এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলে জানা গেছে। এ কারণে এলাকার ১০ হাজার গ্রাহক বিদ্যুত্ পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বানেশ্বর বিদ্যুত্ উপকেন্দ্রটির নির্মাণ কাজ প্রায় ৬ মাস আগে শেষ হয়েছে। ১০ মেগাওয়াট ক্ষমতার এ উপকেন্দ্রের মাধ্যমে কাঁটাখালী বিদ্যুত্ কেন্দ্র থেকে বিদ্যুত্ সরবরাহ হবে। এ কেন্দ্রটি চালু হলে পুঠিয়া জোনাল অফিসের সাবসেন্টারে যোগ হবে অতিরিক্ত বিদ্যুত্। এ কারণে ইতিমধ্যেই এলাকায় ৫০ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছে। কিন্তু উপকেন্দ্রে সরবরাহ না থাকায় বিদ্যুত্ দেয়া সম্ভব হচ্ছে না। এর ফলে গ্রাহকদের বিদ্যুত্ পাওয়ার আশা অন্ধকারেই পড়ে আছে। সূত্র মতে, এ নতুন উপকেন্দ্রের মাধ্যমে প্রায় ১০ হাজার পরিবার ও প্রতিষ্ঠান বিদ্যুত্ পাওয়ার অপেক্ষায় রয়েছে। তারা নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুত্ পাওয়ার সংযোগ কাজ সম্পন্ন করেছে। পুঠিয়ার বানেশ্বর ও তার আশেপাশে রয়েছে প্রায় ৫ শতাধিক মিল-কারখানা। এছাড়া নতুন উপকেন্দ্রে বিদ্যুত্ সরবরাহ করা হলে পুঠিয়ার আগের উপকেন্দ্রেও যুক্ত হবে অতিরিক্ত বিদ্যুত্। এর ফলে নতুন একটি ফিডার বের করা সম্ভব হবে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের রাজশাহী জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক স্থানীয় সাংবাদিকদের বলেন, বানেশ্বর উপকেন্দ্রের জন্য এখনো লোড বরাদ্দ হয়নি। বরাদ্দ হলেই উপকেন্দ্রটি চালুর ব্যবস্থা নেয়া হবে। তবে বানেশ্বর উপকেন্দ্রের জন্য কবে লোড বরাদ্দ করা হবে তার সুনির্দিষ্ট দিন-তারিখ তিনি জানাতে পারেননি।