যশোরে হিমোফিলিয়া রোগীর সংখ্যা একশ’
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:০৩
যশোরে নিবন্ধিত একশ, হিমোফিলিয়া রোগী রয়েছে। এর বাইরেও অনেকে এ রোগে আক্রান্ত রয়েছেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিত্সক ও চিকিত্সা ব্যবস্থা না থাকায় এ রোগে আক্রান্তরা দুর্বিষহ জীবনযাপন করেন। এদের কথা বিবেচনায় নিয়েই হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ যশোরে একটি সমিতি গঠনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে এখানে রোগীদের চিকিত্সা প্রদানের ব্যবস্থা করা হবে।
২৮ সেপ্টেম্বর (শনিবার) যশোরে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের এক সেমিনারে এ তথ্য জানানো হয়। যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সালাউদ্দিন আহম্মদ। যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. এনায়েত করিম প্রধান অতিথি এবং হিমোফিলিয়া সোসাইটির প্রেসিডেন্ট নুরুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যশোরের সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খান ও যশোর জেলা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. কামরুল ইসলাম বেনু, মেডিসিন বিশেষজ্ঞ ডা. গৌতম কুমার আচার্য, হিমোফিলিয়া সোসাইটির নির্বাহী কমিটির সদস্য নাসের মুস্তাফিজ প্রমুখ।