‘উধাও’ নিয়ে শাহেদ
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২০:৪৬
১৯৯৭ থেকে শুরু করে প্রায় দেড় যুগ ধরে অভিনয়ের সাথে সম্পৃক্ত শাহেদ আলী। নিজেকে কখনওই প্রচারের আলোর সামনে যেচে দাঁড়াতে দেখা যায়নি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘উধাও’ চলচ্চিত্রটি। এরই মধ্যে চলচ্চিত্রটি বেশ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। আন্তর্জাতিকভাবেও পেয়েছে বেশ কিছু স্বীকৃতি। এটি শাহেদ আলীর অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে লালনের আত্মজীবনী মূলক চলচ্চিত্র ‘মনের মানুষ’-এ তিনি অভিনয় করেছেন। এ ছাড়া নাটক ও চলচ্চিত্র নির্মাণেও জড়িত বেশ ক’বছর। প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ‘মনপুরা’ চলচ্চিত্রে। অভিনয়ের দৌড়ে বিশ্বাসী নন শাহেদ। তাই নিজের কাজ প্রসঙ্গে আত্মমুল্যায়ণে বলেন তিনি, ‘একেবারে নিজের স্বচ্ছন্দেই এগোতে চাই আমি। কে আমার চেয়ে সামনে গেল। কাকে আমার টেকনিক্যালি পিছিয়ে দিতে হবে। এসব দৌড়ের ভেতরে নেই আমি একেবারেই।’
উধাও চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘এই চলচ্চিত্র সত্যিকার অর্থেই অন্যরকম একটি চলচ্চিত্র। আমার চরিত্র নিয়ে বলব, এই চরিত্র নিয়ে দর্শকেরা রহস্যে গিলে থাকবেন। আমি মনে করি এ ধরনের আরও কিছু চলচ্চিত্র আসলেই আমাদের চলচ্চিত্রের দৃশ্যপট বদলে যেতে পারে। আমাদের রিয়েলিটি নিয়ে ভিন্ন গ্রামারে ছবি হয় না বললেই চলে। যা কলকাতায় এরই মধ্যে শুরু হয়েছে। এবং ভিন্ন ধারার চলচ্চিত্র এখন ওরা একই সাথে কমার্শিয়ালী যুদ্ধ করছে। আমি মনে করি ‘উধাও’ তেমনই একটি চলচ্চিত্র। প্রথম দিকে আমার বন্ধু সামির আহমেদের অফিসে পরিচালকের সাথে দেখা। এরপর আমার একটা স্ক্রিন টেস্ট করেন তিনি। তখন বুঝিনি, আদপে কি হতে যাচ্ছে। এটিও ৪ বছর আগের কথা। এরপর নিখুঁতভাবে কাজটি শেষ করতেই মূলত এই কালক্ষেপন। তবে ফাইনালি কাজটা অসাধারণ হয়েছে। যেই দেখেছে, প্রত্যেকেই একই কথা বলছেন।’
নতুন কাজ প্রসঙ্গে শাহেদ বলেন, ‘নিজের অদম্য ইচ্ছায় ফরিদী ভাইকে দেখে অনুপ্রাণিত হয়ে অভিনয়ে এসেছি। অভিনয়ের সাথেই আছি। আসছে ঈদে অরণ্য আনোয়ার, সাগর জাহান, অনন্য ইমনসহ বেশ কজন নির্মাতার নাটকে কাজ করেছি।’