আজ লাইভে হাসান
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২০:৪৭
মাত্র কিছুদিন আগে জনপ্রিয় ব্যন্ড তারকা হাসান নিজের ব্যান্ড দল ‘আর্ক’কে নতুনভাবে সাজিয়ে তুলেছেন। প্রস্তুতিও নিয়েছেন নিজের নতুন অ্যালবাম বাজারে প্রকাশের। তাই গত মাস দুয়েক ধরে বিভিন্ন মিউজিক্যাল অনুষ্ঠানেও হাজির হচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় আজ এটিএন বাংলার ‘রক অ্যান্ড রিদম’ অনুষ্ঠানে হাজির হচ্ছেন তিনি। আজ রাত ৮টায় সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানটি। এতদিন অনুষ্ঠানটির সঞ্চালনা সংগীতশিল্পী বাপ্পা মজুমদার করলেও এখন অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন কণ্ঠশিল্পী এলিটা। গানের ফাঁকে ফাঁকে হাসান বিগত দিনগুলোর কথাও বলবেন। দীর্ঘ বিরতির কারণগুলোও তুলে ধরবেন তিনি। ইভা রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বিলাস খান।