মিয়ানমার থেকে আসছে
সুপারি, যাচ্ছে সার
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২০:৫৮
উখিয়ার বিভিন্ন এলাকায় উত্পাদিত সুপারির দাম হঠাত্ করে বেড়ে যাওয়ার পর মিয়ানমার থেকে সুপারি চোরাচালান বৃদ্ধি পেয়েছে। স্থানীয় একটি সিন্ডিকেটের মাধ্যমে মিয়ানমার সীমান্তবর্তী ফাত্রাঝিরি, গর্জনবনিয়া, ডেইলপাড়া, ঘুমধুম রহমতের বিল ও ধামনখালী পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত পাচার হয়ে আসছে প্রচুর পরিমাণ শুকনা সুপারি। বিনিময়ে এখান থেকে পাচার হয়ে যাচ্ছে ইউরিয়া সার ও ভোজ্যতেল। মাঝে-মধ্যে বিজিবি, পুলিশ অভিযান চালিয়ে কিছু কিছু চোরাই পণ্য আটক করলেও পাচারকারীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন অভিজ্ঞজনেরা। গত এক মাসে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা প্রায় ২০ লক্ষাধিক টাকা মূল্যের সুপারি ও এদেশ থেকে পাচারের সময় শতাধিক বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে।
জানা গেছে, আশির দশকে চোরাচালানি পণ্যের তালিকার শীর্ষে ছিল মিয়ানমারের সুপারি। সুপারির ব্যাপক চাহিদার কারণে স্থানীয়রা এ সময় ব্যাপকভাবে সুপারির চাষ শুরু করলে এক পর্যায়ে চোরাই পথে সুপারি আসা বন্ধ হয়ে যায়। চলতি মৌসুমে হঠাত্ করে ৮০টির এক পন সুপারির দাম আশি টাকা থেকে চারশ’ টাকায় উন্নীত হওয়ায় এখানকার চিহ্নিত চোরাচালানিরা সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে সুপারি আনা শুরু করে।