ফুটবলের উন্নয়নে মির্জাপুরে চলছে প্রশিক্ষণ

তরুণ ও যুবকদের নেশার জগত্ থেকে ফেরানোর পাশাপাশি চলতি মৌসুমে আকর্ষণীয় খেলা উপহার দিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থা স্থানীয় একটি ক্লাবের সহযোগিতায় ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপজেলা ক্রীড়া সংস্থায় নতুন নেতৃত্ব আসার পর এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে চলছে এই অনুশীলন। প্রশিক্ষণ দিচ্ছেন এক সময়ে মাঠ কাঁপানো ফুটবলার জুয়েল রানা, মনিরুজ্জামান মনির। গত বৃহস্পতিবার মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে দেখা গেলো, তরুণ ও যুবকরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ফুটবল অনুশীলন নিয়ে ব্যস্ত সময় পার করছে। মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির জানান, মির্জাপুর টাঙ্গাইলের একটি উল্লেখযোগ্য উপজেলা হলেও সে তুলনায় খেলাধুলায় তেমন উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি। এখানে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ফুটবল, ক্রিকেট, হকি, দাবা, ব্যাটমিন্টন, সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় তৈরি হয়নি। দীর্ঘদিন পর হলেও ফুটবলকে জাগিয়ে তুলতে উপজেলা ক্রীড়া সংস্থা প্রথমবারের মত তরুণ ও যুবকদের ফুটবলমুখী করে প্রশিক্ষণের আয়োজন করেছে। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক ক্রীড়ামোদীদের আশ্বস্ত করে বলেন যে, সারা বছরই এই প্রশিক্ষণ চলবে এবং সবার সহযোগিতায় অচিরেই লিগ শুরু হবে। এদিকে প্রশিক্ষণার্থী রায়হান সরকার রবিন, রনি, ওয়াকিল, খন্দকার রাকিবুল হাসানসহ অনেকেই জানান, এলাকার নানা বয়সী তরুণ ও যুবকদের নিয়ে তারা ফুটবল ক্লাব গড়ে তুলেছেন। এখন চলছে প্রশিক্ষণ। আগে যে সময়টা তারা নেশা বা বাজে কাজে ব্যয় করতেন সেখানে এখন তারা ফুটবল খেলছেন। জানা গেছে, ক’দিন পরেই শুরু হবে স্থানীয় ফুটবল লিগ। উপজেলা ক্রীড়া সংস্থা ও মিডিয়া ডিজিটাল ক্লাবের উদ্যোগে আয়োজিত হবে লিগটি। প্রশিক্ষণ কার্যক্রমে আর্থিক ও অন্যান্য ব্যাপারে সহযোগিতা করছেন ছাত্রনেতা মাজাহরুল ইসলাম শিপলু, শামীম আল মামুন, সৈয়দ ওয়াহিদ ইকবাল, শাহিন আলম, সাবেক ভিপি সাহাদত হোসেন সুমন, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন প্রমুখ।