শাপলা বিক্রি করে বিশ পরিবারের জীবিকায়ন
দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩২
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বর্ষা মৌসুমের শুরুতেই খালে-বিলে প্রচুর পরিমাণ শাপলা ফুটে থাকতে দেখা যায়। আর এই শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে প্রায় ২০টি পরিবার। বর্ষা মৌসুমের শুরু থেকে শরতের শেষ পর্যন্ত বিল-ঝিল, জলাশয় ও নিচু জমিতে প্রাকৃতিকভাবে জন্মায় এই শাপলা। সকালবেলা জলাশয়গুলোতে রঙ-বেরঙের বাহারী শাপলা দেখা যায়। এই শাপলা মানুষের খাদ্য তালিকায় আবহমানকাল ধরেই যুক্ত আছে। সাদা শাপলা সবজি আর লাল শাপলা ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। সাদা শাপলা খুবই পুষ্টিসমৃদ্ধ সবজি। এতে রয়েছে প্রচুর পরিমান ক্যালসিয়াম। আর লাল শাপলা আমাশয়ের জন্য খুবই উপকারী। সহজলভ্য হওয়ায় গ্রামের মানুষ প্রতিদিনই শাপলাকে সবজি হিসাবে খেয়ে থাকে। আর এ শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের কালীদহ গ্রামের অনাহারী প্রায় ২০টি পরিবার। দেখা গেছে, যারা এই শাপলা সংগ্রহ করে বিক্রি করে তাদের অধিকাংশই মহিলা ও স্কুলগামী ছাত্র/ছাত্রী।