ইতালিতে নৌদুর্ঘটনায় ৩শ’জনের মৃত্যুর আশঙ্কা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৪
ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে এক নৌ দুর্ঘটনায় প্রায় তিনশ’ আফ্রিকান আশ্রয় প্রার্থীর মৃত্যুতে আজ দেশটিতে শোক পালন করা হচ্ছে। ভূমধ্যসাগরে এ যাবত্কালের সবচেয়ে বড় এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপের ক্রুটিপূর্ণ অভিবাসন নীতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
লাম্পেদুসা দ্বীপের জরুরি বিভাগের পক্ষ থেকে বলা হয়, তারা এ পর্যন্ত ১১১ জনের লাশ এবং ১৫৫ জনকে সাগর জীবিত উদ্ধার করেছে। ডুবে যাওয়া নৌযানে আনুমানিক ৪৫০ থেকে ৫০০ যাত্রী ছিল। ডুবুরীরা বলেছেন, তারা ডুবন্ত জাহাজটির আশে-পাশে বেশ কয়েক ডজন লাশ দেখতে পেয়েছেন। উদ্ধারকর্মীরা বলেছেন, লাম্পেদুসা দ্বীপের চারদিকে প্রবল স্রোতের কারণে অনেক লাশ হয়তো দূরে ভেসে গেছে।
বৃহস্পতিবার জাহাজটি তীরে ভেড়ার মাত্র কয়েকশ’ মিটার বাকি থাকতে এতে আগুন ধরে যায়। ভীত-সন্ত্রস্ত যাত্রীদের হুড়োহুড়িতে জাহাজটি ডুবে যায়। ডুবার সময় অনেক যাত্রী সাগরে ঝাঁপ দেয়। ইতালিতে অভিবাসনের আশায় লিবিয়ায় মিসরাতা বন্দর থেকে আসা হতভাগ্য এসব যাত্রী ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। প্রসিকিউটররা এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে জাহাজের এক সন্দেহভাজন তিউনিসিয়ান ক্রু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক পালনের অংশ হিসেবে ইতালি জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং স্কুলগুলোতে এক মিনিট নীরবতা পালন করা হয়। ইতালির প্রেসিডেন্ট গিওর্গিও নেপোলিতানো অবৈধ অভিবাসনের সুযোগ সৃষ্টির বিরুদ্ধে বিদ্যমান আইন বাতিলের আহ্বান জানিয়েছেন।