নারায়ণগঞ্জে তিন জনের নামে মামলা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৬
সদর উপজেলার গোগনগর বাড়িরটেক এলাকার এক মেয়েকে কাজের কথা বলে জর্ডানে পাচার করে সেখানে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য ও মারধরের অভিযোগে নারায়ণগঞ্জে মামলা হয়েছে। মামলায় তিন নারী পাচারকারীকে আসামী করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাচারের শিকার ওই নারীর বোন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলো গোগনগর এলাকার আসমা বেগম, মনির হোসেন ও ওয়ালিদ। থানার উপ পরিদর্শক মিজান জানান, গৃহপরিচারিকার কাজের কথা বলে একই এলাকার আসমা, মনির ও ওয়ালিদ মিলে ওই নারীকে ১ লাখ টাকার বিনিময়ে জর্ডানে পাঠায়। গত ১০ জুন তাকে জর্ডান পাঠানোর পর সেখানে গৃহ পরিচারিকার কাজ না দিয়ে অসামাজিক কাজের প্রস্তাব দেয়া হয়। এতে রাজি না হওয়ায় তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, মানব পাচারের ঘটনায় ৩ আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।