দুই পৃষ্ঠা কাগজ চুরি
করে প্রকাশ করলেই
রায় প্রশ্নবিদ্ধ হয় না
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২২:৩১
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা ফাঁস হওয়ার অভিযোগ প্রসঙ্গে বলেছেন, দুই পৃষ্ঠা কাগজ চুরি করে প্রকাশ করলেই রায় প্রশ্নবিদ্ধ হয় না। যতক্ষণ পর্যন্ত একজন বিচারক রায় ঘোষণা না করেন, ততক্ষণ পর্যন্ত সেটা রায়ই হয় না। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ আয়োজিত এক আলেচনা সভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের পাতা চুরি ও স্কাইপি কেলেঙ্কারির সাথে বিএনপি সরাসরি জড়িত। এর সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোন সম্পৃক্ততা নেই। যাদের সহায়তায় রায় ফাঁস হয়েছে তাদের চিহ্নিত করে তিনি দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
সুরঞ্জিত বলেন, বিএনপি যে যুদ্ধাপরাধীদের দল তা প্রমাণিত হয়েছে। এখন তারা অযৌক্তিক আন্দোলনের নামে যতোই হাঁক-ডাক দেক কোন লাভ হবে না। জনগণ তাদের ডাকে আর সাড়া দেবে না। যুদ্ধাপরাধীদের সঙ্গ ছেড়ে বিএনপিকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাসদ নেতা মীর হোসেন আখতার, সাম্যবাদি দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।