আজ সিলেটে খালেদা জিয়ার জনসভা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২২:৩৫
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি হিসাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফর করছেন। আজ শনিবার সিলেট হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত শেষে আলিয়া মাদ্রাসা ময়দানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় ভাষণ দিবেন। রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে গতকাল শুক্রবার বিকেল ৫টা ৩৫ মিনিটে যাত্রা করে গভীর রাতে সিলেটে পৌঁছান খালেদা জিয়া। ঢাকা থেকে সিলেট অবধি এই দীর্ঘ সড়ক পথে আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতারা তাদের সমর্থকদের নিয়ে শক্তি-মত্তা প্রদর্শন করেন।
খালেদা জিয়ার যাত্রাপথে সায়েদাবাদ-যাত্রাবাড়িতে সালাউদ্দিন আহমেদ, নবীউল¬াহ নবী, নারায়ণগঞ্জের ডেমরা, কাঁচপুরে তৈমুর আলম খন্দকার, কাজী মনিরুজ্জামান মনির, আড়াইহাজারে আতাউর রহমান আঙুর, এ এম বদরুজ্জামান খসরু, রূপগঞ্জে পৌর মেয়র সফিকুল ইসলাম চৌধুরী ও কাঞ্চন পৌর সভার মেয়র মজিবুর রহমান ভুঁইয়া, নরসিংদীর মাধবদীতে রাজীবুর আলম রাজীব, শেখেরচরে ওলামা দলের সভাপতি মাওলানা রবিউল আলম, নরসিংদীর তারাবো, পাঁচদনামোড়, ইটাখোলায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভেলানগরে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সমর্থকরা শোডাউন করে। নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে এ্যাডভোকেট সানাউল¬াহ মিয়া, জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, রায়পুরায় সরদার শাখাওয়াত হোসেন বকুল, কিশোরগঞ্জের ভৈরবের ফজলুর রহমান. শরীফুল আলম, ভৈরব থানার সভাপতি রফিকুল ইসলামের সমর্থকরা শোডাউন করে। ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোডে মরহুম মুফতি ফজলুল হক আমিনীর পুত্র মাওলানা আবুল হাসনাতের পক্ষে শোডাউন করেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুরে দলের নেতাকর্মী ও সমর্থকরা সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে শ্লোগান দেয়।
তিনি সিলেট সার্কিট হাউসে পৌঁছলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, জনসভা প্রস্তুতি কমিটির সদস্যসচিব সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর সভাপতি এম এ হক তাকে শুভেচ্ছা জানান। তিনি সার্কিট হাউসে রাত কাটান।
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের বিশ্বনাথে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী’র অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামের বাড়িতে আজ শনিবার আসবেন বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এমন খবর উপজেলা প্রায় জায়গায় শুনা যাচ্ছে সাধারণ মানুষের কাছে। অনেকে বলেছেন, ইলিয়াস আলী’র মা সূর্যবান বিবিকে দেখতে আসবেন তিনি।