দশ লাখ টাকা না পেয়ে শিশু ইমনকে হত্যা
চাঁদপুর প্রতিনিধি ও ফরিদগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২২:৩৬
চাঁদপুরের ফরিদগঞ্জে মুক্তিপণের দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে অবশেষে কেজি স্কুল পড়ুয়া প্লে গ্রুপের শিশু শিক্ষার্থী ইমনকে (৬) হত্যা করলো দুর্বৃত্তরা। অপহরণের তিনদিন পর শুক্রবার বিকালে স্থানীয় চান্দ্রা বাজারে ময়লার স্তূপ থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ইমনের পরিবার জানায়, জুমার নামাজের পর বাজারের পরিচ্ছন্নতা কর্মীরা ওই ময়লার স্তূপে একটি বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকদের জানায়। তাত্ক্ষণিক লোকজন ছুটে গিয়ে একটি পলিথিনের বস্তায় মোড়ানো, স্কুল ড্রেস পরা অবস্থায় ইমনের লাশ শনাক্ত করে। পুলিশ লাশ মর্গে পাঠায়।
তিনদিন আগে অপহূত শিশুপুত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ইমনের বাবা মিজানুর রহমান ও মা রাশিদা বেগমের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। যারা সংবাদ পেয়ে দেখতে আসে তারাও যেন এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে চান্দ্রা শিশু একাডেমির প্লে গ্রুপের শিক্ষার্থী নাবিল রহমান ইমনকে (৬) স্কুল থেকে বাজারের বাসায় ফেরার পথে অপহরণ করা হয়। এরপরেই অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে তার মা রাশিদা বেগমের কাছে ইমনকে জীবিত ফেরত চাইলে ১০ লাখ টাকা দিতে হবে বলে জানায় অপহরণকারীরা।
পুলিশকে জানালে ইমনকে ‘জানে মেরে ফেলার’ও হুমকি দেয়া হয়। ওই দিন সন্ধ্যায় সংবাদ পেয়ে এলাকার বিভিন্ন স্থানে তাদের ধরতে অভিযানে নামে পুলিশ। পরদিন বুধবার অপহূত ইমনের বিদেশ ফেরত বাবা মিজানুর রহমান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।