টাঙ্গাইল হাসপাতালে দুই ঘণ্টায় ৪ নবজাতকের মৃত্যু

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নবজাতক বিশেষ সেবা ইউনিটে ইনকিউবেটরে রেখে চিকিত্সাধীন চার নবজাতকের মৃত্যু ঘটেছে। শুক্রবার সকাল পৌনে দশটা থেকে পৌনে বারোটা পর্যন্ত দুই ঘন্টার মধ্যে তারা মারা যায়। আত্মীয়-স্বজনের অভিযোগ, ভুল চিকিত্সার কারণে শিশুদের মৃত্যু হয়। অসুস্থতাজনিত কারণেই শিশুদের ‘স্বাভাবিক মৃত্যু হয়েছে’ বলে চিকিত্সকদের দাবি। মৃত শিশুদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন এক পর্যায়ে ডাক্তারদের উপর ধেয়ে গেলে তারা পালিয়ে আত্মরক্ষা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে আসে। পরিস্থিতি স্বাভাবিক হলে চিকিত্সক পুনরায় হাসপাতালে আসেন। হাসপাতাল সূত্রে জানা যায়, একদিন থেকে ৯ দিন বয়সের ওই চার নবজাতক বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালের সেবা ইউনিটে ভর্তি ছিল। গতকাল সকাল পৌনে দশটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামের জহুরুল ইসলামের ছয়দিনের শিশু সন্তান মারা যায়। সাড়ে ১১টার দিকে সিটকিবাড়ী গ্রামের শাহ আলমের ছেলে আলামিন (৯ দিন), পৌনে বারোটার দিকে অলোয়া গ্রামের লিটন মিয়ার সন্তান লামহা (৯ দিন) ও বানিয়াফৈর গ্রামের রিপন মিয়ার একদিনের শিশু সন্তানের মৃত্যু ঘটে। আলামিনের মা হোসনে আরা জানান, শহরের ক্যাপিটাল হসপিটাল নামের প্রাইভেট ক্লিনিকে গত ২৬ সেপ্টেম্বর তার সন্তানের জন্ম হয়। জন্মের সময় জ্বর, ঠাণ্ডা ও জন্ডিস ছিল। ওইদিনই তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে আলামিনকে সেবা ইউনিটে নেয়া হয়। গতকাল ইনজেকশন দেয়ার পর সে চিত্কার করে উঠে। তার কিছুক্ষণ পরে সে মারা যায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (শিশু বিভাগ) ডা. শাহ মুহাম্মদ মাসুদুজ্জামান জানান, অপরিণত অবস্থায় জন্ম নেয়া শিশুদের ক্ষেত্রে নানারকম অসুবিধা হয়। জটিল রোগীদেরই সেবা ইউনিটে নেয়া হয়। এই চার শিশু জন্মগতভাবে ওজন কম, শ্বাসকষ্ট, ইনফেকশনসহ বিভিন্ন অসুখে আক্রান্ত ছিল। চিকিত্সায় কোন ত্রুটি ছিল না। অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। জেনারেল হসপিটালের সহকারী পরিচালক ডা. নূর মোহাম্মদ জানান, নবজাতকের বিশেষ চিকিত্সা সেবার এই ইউনিটে জন্মগত ত্রুটি নিয়ে অথবা অপরিণত অবস্থায় জন্ম নেয়া শিশুদের চিকিত্সা দেয়া হয় এবং এক্ষেত্রে সাধারণত ৫০ ভাগ শিশুর মৃত্যু ঘটে। ইউনিসেফ ও কোইকা’র (কোরিয়া ইন্টারন্যাশনাল কেয়ার এজেন্সি) সহযোগিতায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নবজাতক শিশু চিকিত্সার এই বিশেষ ইউনিট পরিচালিত হয়। গতকাল পর্যন্ত এই ইউনিটে মোট ৪৬ জন রোগী চিকিত্সাধীন ছিল। এদের মধ্যে ১৪ জন গতকাল ভর্তি হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আফম রুহুল হকের নির্দেশে গতকাল শুক্রবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন ঢাকা বিভাগের পরিচালক (হাসপাতাল) ডা. নাহিরন নাসরিন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. শফিউদ্দিন এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (আইন) ডা. নজাবত হোসেন। কমিটিকে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার জন্য বলা হয়েছে।-তথ্য বিবরণী