সন্ত্রাসী চেনী কামাল বাহিনীর তাণ্ডব

বেগমগঞ্জের বাজারে ১০ দোকান ৩৫ সিএনজি ভাংচুর, আহত ২০

বেগমগঞ্জের বাংলাবাজারে দুর্ধর্ষ সন্ত্রাসী চেনী কামাল বাহিনী শুক্রবার সন্ধ্যায় অতর্কিত হামলা চালিয়ে বাজারের ১০টি দোকান, ৩৫টি অটোরিকশা (সিএনজি) ভাংচুর করে। এ সময় অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে পরে বাংলাবাজারের ব্যবসায়ী ও সিএনজি চালকরা বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেন। স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার জিরতলীর দুর্ধর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি চেনী কামাল ও তার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শুক্রবার স্থানীয় লোকজন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডা. এবিএম জাফর উল্যার উপস্থিতিতে বাংলাবাজারে মিছিল ও সভা করেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় চেনী কামাল তার বিশাল বাহিনী নিয়ে বাংলাবাজারে অতর্কিতে হামলা করে ও ভাংচুর চালায়। এ সময় সন্ত্রাসীদের লাঠির আঘাতে অন্তত ২০ জন আহত হয়। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে সন্ত্রাসী চেনী কামাল জিরতলী ইউনিয়নের হোসেনপুর গ্রামের আলী হায়দার চৌধুরীর বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা হলে চেনী কামাল তিনদিন আগে ঐ বাড়িতে ফের হামলা চালিয়ে লোকজনকে বেদম মারপিট করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটে নেয় এবং অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আসে।