ঈদে মৌসুমী-ওমর সানীর ‘আমি নায়কের বন্ধু’

মাঝে দীর্ঘ সময় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী-ওমর সানীকে একসঙ্গে দেখা যায়নি। তবে গত বছরখানেক ধরে মৌসুমী ছোটপর্দায় অভিনয় করার সুবাদে গত ঈদে এই দু’জনকে একসঙ্গে দেখা যায়। এবারের ঈদুল আজহায়ও একটি টেলিছবিতে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীকে। ‘আমি নায়কের বন্ধু’ নামের এই টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। গল্পে দেখা যাবে, একটা অফিসে শুটিং টিম আসে। পরিচালককে দেখা যায় অফিসের বসের সামনে আড্ডা মারছে। বস তার চলচ্চিত্র জীবনের কাহিনী শোনায়, জীবনে প্রথমবার সে একটা সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিল। সকাল ৯টার ডাকে ৭টায় হাজির সহকারী পরিচালকের ঝাড়ি, বড় অভিনেতার সাথে অভিনয় করতে গিয়ে উত্তেজনায় ভুলে যাওয়াসহ নানা ঘটনা। অসাধারণ অভিজ্ঞতা হয় তা উঠে আসে এতে। মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিছবিটি।