হাঁটলে স্তন ক্যান্সারের
ঝুঁকি কমে
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৩, ২১:০৭
পঞ্চাশোর্ধ নারীরা দিনে একঘণ্টা হাঁটাহাঁটি করে স্তন ক্যান্সারের ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত থাকতে পারেন বলে জানানো হয়েছে এক গবেষণায়। সপ্তাহে কমপক্ষে সাত ঘণ্টা পায়চারি স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। দীর্ঘ ১৭ বছর ধরে ৭৩ হাজার নারীকে পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্তে পৌঁছেছে ‘আমেরিকান ক্যান্সার সোসাইটি’র গবেষকদল। তারা জানান, হাঁটাহাঁটির সঙ্গে ক্যান্সারের ঝুঁকি কমে যাওয়ার এ যোগসূত্র খুঁজে পাওয়া গেছে এই প্রথম। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, বেশিরভাগ বয়স্ক মানুষই সপ্তাহে এক ঘণ্টার বেশি হাঁটেন না। তবে কাজকর্ম করা বা সক্রিয় থাকাটাও ক্যান্সারের ঝুঁকি কমায় বলে জানা গেছে আগের বিভিন্ন গবেষণা থেকে। নতুন গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ক্যান্সার এপিডেমিওলজি, বায়োমেকারস এন্ড প্রিভেনশন’ সাময়িকীতে।
গবেষকরা তাদের দেহে ক্যান্সারের আক্রমণসহ বিভিন্ন প্রতিক্রিয়া দেখেন। সেইসঙ্গে তারা কতক্ষণ কাজকর্ম এবং হাঁটাহাঁটি করেন আর কতক্ষণ বসে টিভি দেখেন বা বই পড়েন এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। গবেষণার ফলে দেখা যায়, যারা সপ্তাহে তিন ঘণ্টা হেঁটেছেন তাদের তুলনায় সপ্তাহে সাত ঘণ্টা হাঁটাহাঁটি করা নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি ১৪ শতাংশ কমেছে।