সংবাদ কণিকা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৩, ২১:০৮
মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৪
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে এক বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ১৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। রাজধানীর প্রান্তীয় পাহাড়ি এলাকায় শুক্রবার এই ঘটনা ঘটে। তলুকা শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিটকে নিচে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। মেক্সিকোর প্রধান আইন কর্মকর্তা মিগুয়েল অ্যাঞ্জেল কন্ট্রেরাস বলেন, “অন্যকোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়নি। কিন্তু এরপরও বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে ১০০ কিংবা ১২০ মিটার নিচে পড়ে যায়।” — রয়টার্স
নেপালে নির্বাচনের প্রার্থী গুলিবিদ্ধ
নেপালের দক্ষিণাঞ্চলে শুক্রবার বন্দুকধারীরা নির্বাচনের এক প্রার্থীকে গুলি করেছে। এর ফলে আগামী মাসে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে আশংকা দেখা দিয়েছে। স্থানীয় পুলিশ সদস্য ঠাকুর প্রসাদ গ্যাওয়ালি এএফপিকে বলেন, আগামী নির্বাচনে তার জেলা থেকে ইউনাইটেড মার্কসিস্ট লেলিনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আলমকে একটি মোটর সাইকেলের পেছনের সিটে বসা এক বন্দুকধারী তার মাথায় গুলি করে।
গ্যাওয়ালি বলেন, তিনি তার গাড়ি থেকে বেরিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তাকে গুলি করা হয়। আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। —বাসস
ফুকুশিমা পরমাণু কেন্দ্রে নতুন ছিদ্র
জাপানের দুর্ঘটনাকবলিত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রে তেজস্ক্রিয় পানির আরেকটি স্ট্রোরেজ ট্যাংকে নতুন ছিদ্র পাওয়া গেছে। কেন্দ্রটি পরিচালনাকারী টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বৃহস্পতিবার একথা জানিয়েছে। ছিদ্র দিয়ে বেরিয়ে আসা তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। ফুকুশিমায় দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ট্যাংকে ছিদ্র পাওয়া গেল। —বিডি নিউজ
ইরাকে আত্মঘাতী বোমায় ৩ সৈন্য নিহত
ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলীয় একটি চেকপয়েন্টে এক আত্মঘাতী বোমা হামলাকারী শুক্রবার এক বিস্ফোরক ভর্তি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে। এতে তিন সৈন্য নিহত হয়েছে। —এএফপি
চুম্বনের ছবি ফেইসবুকে দিয়ে কারাগারে
ফেইসবুকে চুম্বনরত অবস্থার একটি ছবি পোস্ট করায় গ্রেপ্তার হয়েছে মরক্কোর দুই কিশোর-কিশোরী। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর নাদোরের একটি স্কুলের বাইরে ওই কিশোর-কিশোরীর ছবিটি তাদেরই এক বন্ধু তুলে দেয়। পরবর্তী সময়ে তারা ছবিটি ফেইসবুকে পোস্ট করে। স্থানীয় একটি সংবাদপত্রে ওই ছবি ছাপা হলে কিশোর-কিশোরীকে ‘গণশিষ্টাচার’ ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে এই গ্রেপ্তারে অনলাইনে প্রতিবাদ জানিয়েছেন লাখো মানুষ। — বিবিসি