বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

সিলেট, ঝিনাইদহ, কালকিনিসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিলেট সিলেট-তামাবিল সড়কের বাইপাস পয়েন্টে গত শুক্রবার দুপুরে ট্রাকের চাপায় আফসর মিয়া (২১) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঝিনাইদহ ঝিনাইদহ শহরের আরাপপুরে গতকাল শনিবার সকালে বাস চাপায় পলি ঘোষ ( ১৬ ) নামে এক স্কুল ছাত্রী নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহত পলি পবহাটি ঘোষ পাড়ার সুকুমার ঘোষের মেয়ে এবং ফজর আলি বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী। কালকিনি (মাদারীপুর) কালকিনি উপজেলার উত্তর খান্দুলী গ্রামে গত শুক্রবার বিকালে সাগর বেপারীর স্ত্রী সাহেরা খাতুন (৫৫) নামে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। কাপাসিয়া (গাজীপুর) গাজীপুরের কালীগঞ্জে শুক্রবার রাতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের চিকিত্সার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরীপুর (ময়মনসিংহ) ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের রশিদপুরে গত শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৭০) নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহত আব্দুল কুদ্দুস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাবেক একান্ত সহকারী সচিব ও গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সে চিকিত্সাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। আহতদের মধ্যে গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া (কক্সবাজার) কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী রাস্তার মাথায় গত শুক্রবার রাতে মোটর সাইকেল চাপায় মাহফুজা বেগম (৩৫) নামে একজন নিহত হন। সে বটতলী গ্রামের আব্দুস সালামের স্ত্রী। এ ব্যাপারে উখিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিরামপুর (দিনাজপুর) বিরামপুর শহরের পল্লবী মোড়ে গত শুক্রবার রাতে কার্ভার্ড ভ্যানের চাপায় ২ ছাত্র নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেনের পুত্র অনার্স শেষ পর্বের ছাত্র শাহাদত্ হোসেন রনি (২৫) ও মোজাম্মেল মাস্টারের পুত্র বাবু (২৫)। আহত সবুজ রমেক হাসপাতালে চিকিত্সাধীন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। গোপালগঞ্জ প্রতিনিধি ও কাশিয়ানী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাই সাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাহাত মোল্লা (১১) নামে এক ছাত্র নিহত ও ৬ জন আহত হয়েছেন। নিহত রাহাত কাশিয়ানী আশার আলো কিন্ডারগার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও মহানাগ গ্রামের তছলিম মোল্লার ছেলে। বাই সাইকেল আরোহী সিরাজ শেখকে ফরিদপুর ও শিক্ষার্থী ফারদা, লামিয়া, আলিফা, হাসিব, জিসানকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভয়নগর (যশোর) যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের তালতলা বাজারে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় শহর আলী (৩৫) নামে এক পথচারী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আহত নুর ইসলামকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।