পত্রিকা মারফত জানতে পারলাম, ঈদের আগেই ঢাকা থেকে পঞ্চগড় রুটে বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আগামী ২৯ মে থেকে চালু হবে। ১৮টি বগি নিয়ে ট্রেনটি ঢাকা থেকে সরাসরি পার্বতীপুর পর্যন্ত যাবে। এর পর দু-একটি স্টেশনে থেমে পঞ্চগড়ে পৌঁছাবে। নওগাঁ ও বগুড়া জেলার যাত্রীদের জন্য শান্তাহার জংশনটি অতীব গুরুত্বপূর্ণ। এই স্টেশনের মাধ্যমে উল্লিখিত দুই জেলার যাত্রীগণ ঢাকায় যাতায়াত করে থাকেন। বর্তমানে সড়কপথে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রীসাধারণ সড়কপথের চাইতে রেলপথে ভ্রমণ করতে পছন্দ করেন। তাই প্রস্তাবিত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের শান্তাহার জংশনে যাত্রাবিরতি হলে ঐ দুই জেলার লাখ লাখ মানুষ উপকৃত হবে এবং ঐ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আমিনুল ইসলাম
কাঞ্চন, চান্দাস, মহাদেবপুর, নওগাঁ