মনপুরায় বন্দুকসহ তিন হরিণ শিকারী আটক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৩, ২১:১২
মনপুরা উপজেলার মূল ভুখণ্ড থেকে বিচ্ছিন্ন ডালচর থেকে শুক্রবার হরিণ শিকার করতে আসা বন্দুকসহ ৩ জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। থানায় ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। আটক ৩ জনকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ঢাকা থেকে আসা তিন জন অপরিচিত লোক বন্দুকসহ ডালচরে কামাল চৌধুরীর বাগান বাড়িতে উঠে। বাগান বাড়িতে কোন লোকজন না থাকায় তারা বারান্দায় বসে আড্ডা দেয়। চরে বন্দুকসহ অপরিচিত লোক দেখে চরের লোকজন হরিণ শিকার করতে পারে বলে সন্দেহ হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে এস.আই মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ডালচরে কামাল চৌধুরীর বাগান বাড়ি থেকে বন্দুকসহ মোঃ সাজ্জাদুর রহমান (৩৬), রোমিও নিকোলাস গমেজ (৪৫) ও সৈয়দ মকছুদুল হককে (৪২) ৫৪ ধারায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে লাইসেন্সকৃত ১টি দোনালা বন্দুক, ১টি এক নালা বন্দুক, ১টি পিস্তল, ১০১ রাউন্ড বন্দুকের গুলি ও ২২ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে আটককৃতরা জানান তারা ঢাকা থেকে তিন বন্ধু মিলে ঢালচরে কামাল চৌধুরীর বাগান বাড়িতে বেড়াতে এসেছেন। বাসায় লোকজন না থাকায় তারা বারান্দায় বসে আড্ডা দিচ্ছেন।