মাওয়ায় দুই ফেরির সংঘর্ষ আহত ৫

গত শুক্রবার রাত সোয়া ৯টায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের লৌহজং টার্নিংয়ে দু’ফেরির সংঘর্ষ ৫ জন আহত হয়েছেন। বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষ-দর্শীরা জানায়, মাওয়াগামী ৪১টি যান ভর্তি রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও কাওড়াকান্দিগামী ১৩টি যান ভর্তি ফরি লেংটিং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফেরি দু’টি ছাড়াও একটি বাস ও একটি ট্রাকের ক্ষতিসাধিত হয়েছে। আহত হয়েছে পাঁচ যাত্রী। এ ঘটনায় দু’ফেরি মাস্টার একে অপরকে দায়ী করেছে। তবে ক্ষতিগ্রস্ত দু’টি ফেরিই আবার স্ব স্ব গন্তব্যে রওনা হয়েছে। বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক সত্যতা স্বীকার করে জানান, সরু চ্যানেলে ৩টি ড্রেজার নাব্য সঙ্কটরোধে ড্রেজিং করার কারণে দুপুরেও ড্রেজারের সাথে কাওড়াকান্দিগামী ফেরি রায়পুরার সংঘর্ষ হয়। তবে ঐ সংঘর্ষে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শী ওয়াসিম আহম্মেদ জানান, প্রচণ্ড শব্দে সংঘর্ষের দু’ফেরির লোকজনই আতঙ্কিত হয়ে পড়ে। ফেরি লেংটিংয়ে পানি উঠতে থাকায় সেটি সাময়িক মেরামতের পর গন্তব্যে রওনা হয়েছে। ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সামনের রেম বাঁকা হয়ে ছিটকে গিয়ে মালবাহী ট্রাকের এবং পুলিশ বহনকারী সার্বিক পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্টো ব ১৪-৫৪৭৯) ওপর পড়ে। এই দু’টি যানেরই গ্লাস ভেঙ্গে গেছে। ধাক্কা খেয়ে এবং আতঙ্কে দৌড়াদৌড়িতে আহত পাঁচ যাত্রীকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।