টেস্টে শীর্ষস্থান ধরে রাখতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা দল জানিয়েছে, নিয়মিত অধিনায়ক গ্রায়েম স্মিথ ও নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে তারা নিজেদের টেস্ট শীর্ষস্থান ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে দুই টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের প্রাক্কালে এ অভিমত দেন অধিনায়ক স্মিথ। আবুধাবিতে ১৪ অক্টোবর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সফরটি। গোড়ালির দীর্ঘ ইনজুরি সারিয়ে দলে ফেরার পর স্মিথ গত শুক্রবার জানান যে, তিনি কোন চাপে নেই। যদিও টেস্টের বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ দলটির নেতৃত্ব দেয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। স্মিথ বলেন, ‘দলগতভাবে আমাদের বিশেষ কিছু করে দেখানো দরকার। এছাড়াও সবাইকে একাট্টা হয়ে খেলতে হবে। ব্যক্তিগতভাবে আমার জন্য বিশ্বের এক নম্বর দল হিসেবে কোন চাপ নেই।’ এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুমের পর থেকে আর খেলার মধ্যে না থাকলেও দলে ফিরেছেন ক্যালিস। অলরাউন্ডার ক্যালিসও মাঠে নামার জন্য পুরোপুরি ফিট বলে জানান মুসাজি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যালিস সর্বোচ্চ পর্যায়ের একজন পেশাদার খেলোয়াড়। একটি সফরে যাওয়ার সময় তার কাছে কি প্রত্যাশা থাকে সেটা তিনি বেশ ভালভাবেই জানেন। আমরা জানি ক্যালিস তার সর্বোচ্চ ফর্মে থাকবেন।’ তিনি আরো জানান, স্ত্রী সন্তান সম্ভবা থাকায় হাশিম আমলার দুবাইতে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা কম। কারণ ওই সময় আমলা দম্পতির দ্বিতীয় সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা। টেস্ট দলে নেই ওপেনার হাফিজ ওপেনার মোহাম্মদ হাফিজকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ১৪ অক্টোবর শুরু হবে এই সিরিজটি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য গতকাল শনিবার ঘোষিত ১২ সদস্যের রাখা হয়নি এই ওপেনারকে। পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ৩২ বছর বয়সী হাফিজ এ বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ৩-০ ব্যবধানে হারা সিরিজে কেবল ৪৩ এবং গত মাসে জিম্বাবুয়েতে দুই ম্যাচে ৫৯ রান করেন। সবমিলিয়ে সর্বশেষ পাঁচ টেস্টে কেবল ১০২ রান করেন তিনি। পাকিস্তানের নির্বাচকরা গত সপ্তাহে মিসবাহ উল হককে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বহাল রাখে। আগামী ৮ অক্টোবর থেকে শারজায় শুরু হতে যাওয়া পাকিস্তান ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিনদিনের অনুশীলন ম্যাচ শেষে আরো তিন খেলোয়াড়কে বেছে নেবেন নির্বাচকরা। দুবাইতে ২৩ অক্টোবর সিরিজের শেষ এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শেষে উভয় দল পাঁচটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সীমিত ওভার সিরিজের জন্য পরবর্তীতে দল ঘোষণা করবেন পাকিস্তানের নির্বাচকরা। দল: মিসবাহ উল হক (অধিনায়ক), খুররম মঞ্জুর, আজহার আলী, ইউনিস খান, উমর আমিন, আদনান আকমল, সাঈদ আজমল, জুলফিকার বাবর, আবদুল রেহমান, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, রাহাত আলী। -বাসস