রেকর্ড গড়ার পথে আর্সেনাল
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৩, ২১:৪২
আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে বিপক্ষের মাঠে নিজেদের জয়ের নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে আজ রবিবার রাতে ওয়েস্ট ব্রমের মাঠে খেলতে যাবে। প্রিমিয়ারশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে আছে আর্সেনাল। অপরদিকে চেলসির লক্ষ্য থাকবে বিপক্ষের মাঠে চলতি মৌসুমের প্রথম জয়টি তুলে নেয়া।
কোচ আর্সেন ওয়েঙ্গারের দল সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১০ খেলায় নয়টি জয় ও একটিতে ড্র করে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছে। এই ওয়েস্ট ব্রমের কাছেই গানার্সরা গত মাসে লিগ কাপের খেলায় ১-১ গোলে ড্র করেছিল। তাও আবার সে খেলায় পেনাল্টিতে জয় তুলে নিয়েছিল। সে হিসাবে ওয়েস্ট ব্রমের মাঠে আগের ২০টি ম্যাচের মধ্যে কেবল একটিতেই পরাজিত হয় আর্সেনাল।
সময়টাও ওয়েঙ্গারের পক্ষে। গত মঙ্গলবার ইংলিশ ক্লাবটিতে নিজের কোচিংয়ের ১৭ বছর পূর্ণ করেছেন তিনি। প্রিমিয়ার লিগের এ পর্যন্ত খেলা ছয় ম্যাচের পাঁচটিতে জয় পাওয়া ফরাসী এই কোচ এরপরও দলের উন্নতির সুযোগ দেখছেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আমরা আরো উন্নতি করবো। কিন্তু সেটা কতোটা তা নির্ভর করছে আমাদের উপরই।’ দুর্দান্ত ফর্মে আছেন ইংলিশ ক্লাবটিতে সদ্য যোগ দেয়া জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল এবং ওয়েলশের অ্যারন রামসে।
চলতি মৌসুমে লিগের কোনো খেলায় বিপক্ষের মাঠে জয় পায়নি চেলসি। নরউইচ সিটির মাঠে আজ মৌসুমের প্রথম জয় তুলে নিতে চাইবেন চেলসি কোচ হোসে মরিনহো।