গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিল দাবিতে আল্টিমেটাম

নবম শ্রেণিতে বিদ্যমান সাধারণ গণিত ও উচ্চতর গণিত বিষয়ে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা। একই সঙ্গে অতি দ্রুত এই পদ্ধতি বাতিল না করলে স্ব স্ব শিক্ষা বোর্ড ও অধিদপ্তর ঘেরাও করার হুমকি দিয়েছেন তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ অভিভাবক সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। রাজধানীর স্বনামধন্য প্রায় ১৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গণিত বিষয়টি সৃজনশীল করায় প্রচলিত নিয়মের চেয়ে বেশি অংক করে দেখাতে হচ্ছে। ফলে সে অনুযায়ী সময় বাড়ানো হয়নি। এ কারণে নির্দেশিত সময়ে সকল প্রশ্নের উত্তর দিতে সকল ছাত্র-ছাত্রীদের হিমশিম খেতে হয়।