মহেশখালীর তাপ বিদ্যুত্ প্রকল্প বাতিল দাবি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৩, ২১:৪৫
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে জমি অধিগ্রহণ কার্যক্রম বন্ধ ও প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপ বিদ্যুেকন্দ্র প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে মাতারবাড়ী কয়লা বিদ্যুত্ প্রতিরোধ কমিটি।
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়। কৃষিবিদ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. আব্দুল মালেক গাজী, ব্যারিস্টার শেখ জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সরকার মাতারবাড়ীতে এক হাজার ৩শ’ মেগাওয়াট উত্পাদন ক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য জমি অধিগ্রহণে তিন ধারা নোটিস দিয়ে অধিগ্রহণের কাজ শুরু করেছে। কিন্তু স্থানীয় মানুষ এ জমি ছেড়ে দিতে চাচ্ছে না। সরকারের জন্য এভাবে জমি অধিগ্রহণ হবে মানবাধিকারের লঙ্ঘন। কয়লা বিদ্যুেকন্দ্র থেকে বছরে ৩২ লাখ টন ছাই, ৫১ লাখ টন তরল কয়লাসহ এক দশমিক ২০ কোটি পাউন্ড বিষাক্ত পারদ বের হবে। এসব রাসায়নিক পদার্থ সাগরের বিরল প্রজাতির মাছ, জীববৈচিত্র্য ধ্বংস করবে। পাশাপাশি বিদ্যুেকন্দ্র এলাকার কৃষি জমি ও মানুষেরও ক্ষতি করবে।