আদালতের তদন্তে পুলিশের এএসআই’র নির্যাতনের সত্যতা মিলেছে

বিচার বিভাগীয় তদন্তে পুলিশের এএসআই মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যৌন নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছে। আগামী ৩ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়েছে। জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের সাবেক এএসআই। বর্তমানে তিনি চট্টগ্রামে কর্মরত আছেন। জেলায় গত ১৬ জুলাই নির্যাতনের শিকার তরুণীর মা পারুল বেগম তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালত বাদীর এজাহার গ্রহণ করে এ অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিউল আজম গত ৩ সেপ্টেম্বর এ বিষয়ে তদন্ত সম্পন্ন করেন। তিনি বাদীসহ ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। তদন্ত প্রতিবেদনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিউল আজম বলেছেন, নালিশের দরখাস্ত ও সাক্ষিগণের জবানবন্দিতে প্রতীয়মান হয় যে, আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।