রামপাল তাপ বিদ্যুত্ কেন্দ্র

ভিত্তিফলক উন্মোচনের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শনিবার প্রধানমন্ত্রী কুষ্টিয়ার ভেড়ামারায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করেন। বাগেরহাট প্রতিনিধি জানান, শনিবার দুপুরে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। শহরের পুরাতন কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা লঞ্চঘাট, বাজারের ফলপট্টি এবং সাধনার মোড়ে পৃথক তিনটি পথসভা করে। পথসভা থেকে বক্তারা বলেন, জনগণকে না জানিয়ে গোপনে বিদ্যুত্ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করে এখানে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করা যাবে না। দেশের জনগণকে সাথে নিয়ে যে কোন মূল্যে সুন্দরবন বিধ্বংসী প্রকল্প বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে। পথসভায় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল, সদস্য রসময় সেন, সিপিবির সভাপতি অ্যাড. রেজাউল করিম, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম যাদু, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সজিব বক্তব্য দেন। মংলা সংবাদদাতা জানান, তাপ বিদ্যুত্ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করার প্রতিবাদে গতকাল দুপুরে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে মংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌধুরীর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটি মংলা শাখার আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক অসিত সরকার, জাতীয় কমিটির সদস্য সচিব সুশান্ত রায়, সিপিবি নেতা নাজমুল হক, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, ছাত্র ইউনিয়ন নেতা যুগল মল্লিক, রাহাত, অচিন্ত্য, মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ। রাজশাহী অফিস জানায়, তাপবিদ্যুত্ প্রকল্পের ভিত্তিফলক স্থাপনের প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বেলা ১১টায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতৃত্বে মহাসড়ক অবরোধের সময় সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় সংগঠনের রাবি শাখার যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শফিক রেজা, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বখতিয়ার আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বখশি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। নোয়াখালী প্রতিনিধি জানান, জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নোয়াখালী জেলা শাখা। পরে বিটুল তালুকদারের সভাপতিত্বে টাউন হল চত্বরে এক সমাবেশে ছাত্রফ্রন্ট নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি আনোয়ারুল হক পলাশ ও জেলা সদস্য জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।